বরগুনার আমতলী উপজেলায় ফাজিল তৃতীয় বর্ষের ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালে অসদুপায় গ্রহণের দায়ে নয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় ওই কেন্দ্রের মেয়েদের কক্ষের পরিদর্শক প্রভাষক জাকিয়া বেগমকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিষ্কৃতদের মধ্যে আটজন ছেলে ও একজন মেয়ে।
বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন— জান্নাতি, তানিয়া, মাহফুজা, সাদিয়া, জুলেখা, রুমা, লামিয়া ও জাকারিয়া।
স্থানীয় সূত্র জানিয়েছে, গত ২৫ অক্টোবর থেকে ফাজিল পরীক্ষা শুরু হয়েছে। শুরু থেকেই ওই কেন্দ্রটিতে নানা অনিয়মের অভিযোগ উঠে আসছিল। কেন্দ্র প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় সরকার ফ্যাসিলিটেটর মো. মাইনুল ইসলাম দায়িত্বে থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা পর আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান হঠাৎ কেন্দ্রে পরিদর্শনে যান। এ সময় তিনি মেয়েদের পরীক্ষাকক্ষে পরীক্ষার্থীদের খোলামেলাভাবে বই দেখে পরীক্ষা দিতে দেখতে পান। পরে তিনি অসদুপায় অবলম্বনের দায়ে নয়জনকে বহিষ্কার করেন এবং ওই কক্ষের পরিদর্শক ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক জাকিয়া বেগমকে পুলিশ হেফাজতে নেন।
এ ঘটনায় কেন্দ্রে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।







