বরগুনার তালতলী উপজেলায় দুই প্রতিবেশী শিশুকে টাকা ও খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. মোকলেছ মোল্লা (৫৯) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।
এ ঘটনায় বুধবার একই দিনে ভুক্তভোগী দুই শিশুর পরিবার থানায় পৃথক দুটি মামলা করেছে।
অভিযুক্ত মো. মোকলেছ মোল্লা উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছকিনা এলাকার বাসিন্দা। তিনি ভুক্তভোগী দুই শিশুর প্রতিবেশী।
ধর্ষণের শিকার একজনের দশ বছর ও অন্যজনের নয় বছর।
দশ বছর বয়সী শিশুটির বাবার করা মামলার বিবরণীতে জানা যায়, মোকলেছ মোল্লা এলাকার ছোট মেয়েদের বিভিন্ন সময় টাকা ও খাবারের লোভ দেখিয়ে কুপ্রস্তাব দিতেন। ৪ অক্টোবর দুপুরে শিশুটিকে বাড়ির সামনে দেখে খাবারের লোভ দেখিয়ে তিনি নিজের বাড়িতে ডেকে নিয়ে যান। পরে নিজ ঘরের বারান্দায় শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন।
নয় বছর বয়সী ভুক্তভোগী শিশুটির মায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, মোকলেছ মোল্লা বিভিন্ন সময় শিশুটিকে কুপ্রস্তাব দিতেন। ৬ অক্টোবর বিকালে শিশুটির মা তাকে বাড়িতে রেখে স্বামীর সঙ্গে স্থানীয় একটি বাজারে ওষুধ কিনতে যান। এই সুযোগে মোকলেছ মোল্লা ঘরে প্রবেশ করে ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যান।
তালতলী থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, “ভুক্তভোগী দুই শিশুকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আদালতের মাধ্যমে তাদের জবানবন্দি নেওয়া হবে। পাশাপাশি এ ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।







