দ্যা জে.পি নিউজ, বরগুনা।
দুর্যোগে দ্রুত সাড়া দেওয়া এবং নিরাপদ কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) জাগো নারী বাস্তবায়িত এসিটি-২ প্রকল্পের আওতায় বুড়িশ্বর ও বিশখালী ইয়োথ গ্রুপের সদস্যদের মধ্যে এসকল জরুরি সুরক্ষা সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ-আজিজ বুড়িশ্বর ও বিশখালী ইয়োথ গ্রুপের স্বেচ্ছাসেবকদের হাতে এসব জরুরি সুরক্ষা সরঞ্জাম তুলে দেন।
হস্তান্তর করা সরঞ্জামের মধ্যে রয়েছে ২০ জোড়া ওয়াটারপ্রুফ গামবুট, ১৬টি সেফটি হেলমেট, ৮টি হাত করাত, ৩টি বেল্টযুক্ত ফোল্ডিং মেডিকেল স্ট্রেচার এবং ৪০টি স্লিভলেস ভেস্ট।
আয়োজকরা জানান, এসব সরঞ্জাম ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা, আহত ব্যক্তিদের নিরাপদে স্থানান্তর, জরুরি সেবা প্রদান এবং ক্ষতিগ্রস্ত মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হবে।
তারা আরও বলেন, স্থানীয় যুব স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় কমিউনিটির প্রস্তুতি জোরদার করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জরুরি পরিস্থিতিতে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম সরবরাহ ভবিষ্যতের দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে।







