দ্যা জেলখানা প্রেস নিউজ

১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

বরগুনার তরুণদের শূন্য থেকে জাতীয় শীর্ষে উদ্ভাবন

বরগুনার তরুণদের শূন্য থেকে জাতীয় শীর্ষে উদ্ভাবন

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

দ্যা জে.পি নিউজ, বরগুনা ।

দেশের প্রান্তিক জেলা বরগুনা থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে সেরা হওয়ার গল্পটি এখন আলোচনায়। ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছে বরগুনা সাইন্স সোসাইটির তরুণদের প্রকল্প ‘শূন্য’। উপজেলা, জেলা ও বিভাগীয় ধাপ পেরিয়ে জাতীয় মঞ্চে এই সাফল্য অর্জন করেন দলের সদস্যরা।

রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স-এ গত ১৪ থেকে ১৬ জুন অনুষ্ঠিত তিন দিনব্যাপী মেলায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও উদ্ভাবকদের অংশগ্রহণ ছিল। প্রতিযোগিতামূলক এই আয়োজনে নিজেদের অভিনব ধারণা ও বাস্তব প্রয়োগযোগ্যতার জন্য বিচারকদের নজর কাড়ে শূন্য প্রকল্প।

সমাপনী দিনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শূন্য প্রকল্পের মূল লক্ষ্য পরিবেশবান্ধব উপাদান তৈরি করা। দলের সদস্যরা আখের ছোবড়া ও বিভিন্ন গাছের কষ ব্যবহার করে তৈরি করেছেন শূন্য দানা, যা প্লাস্টিকের বিকল্প হিসেবে ব্যবহারযোগ্য এবং সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল।

এ ছাড়া তারা আখের ছোবড়া থেকে তৈরি করেছেন একবার ব্যবহারযোগ্য প্লেট, যা ব্যবহারের ২০ থেকে ২৫ দিনের মধ্যেই মাটির সঙ্গে মিশে যায়। ফলে পরিবেশে কোনো দীর্ঘমেয়াদি ক্ষতি হয় না।

প্রকল্পটির দলনেতা আকিল আহমেদ বলেন, প্লাস্টিক দূষণ কমাতে আমরা বিকল্প উপাদান নিয়ে কাজ করেছি। আমাদের তৈরি পণ্য বাজারজাতের জন্য প্রস্তুত। তবে উৎপাদন বাড়াতে প্রয়োজন সহযোগিতা। শূন্য প্রকল্পটি যথাযথ সহায়তা পেলে ভবিষ্যতে শিল্প পর্যায়ে উৎপাদনের মাধ্যমে প্লাস্টিক দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

বরগুনার সোনালি স্বপ্ন যুব সংসদ সংগঠনের সভাপতি জনাব সালমান দ্যা জে.পি নিউজকে বলেন, বরগুনার মতো জেলা থেকে জাতীয় পর্যায়ে সাফল্য পাওয়া দেশের বিজ্ঞানচর্চার জন্য ইতিবাচক বার্তা বহন করে। এটি প্রমাণ করে, সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে মফস্বলের শিক্ষার্থীরাও উদ্ভাবনে এগিয়ে যেতে পারে।

২০১৮ সালে প্রতিষ্ঠিত বরগুনা সাইন্স সোসাইটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী করতে কাজ করছে। সংগঠনটি নিয়মিত বিজ্ঞান আড্ডা, কর্মশালা ও গবেষণাভিত্তিক কার্যক্রম পরিচালনা করে।

প্রতি বছর অক্টোবর মাসে তারা মহাকাশবিষয়ক ক্যাম্প আয়োজন করে, যা ইতিমধ্যে দেশের অন্যতম বড় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ হিসেবে পরিচিতি পেয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

    Opps, No posts were found.