দ্যা জে.পি নিউজ, বরগুনা।
পাথরঘাটায় ফলোআপ সভায় জলবায়ু সহনশীলতা, জনসেবা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ।
নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বুধবার সকালে পাথরঘাটার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত বিষয়সমূহের বাস্তবায়ন ও জবাবদিহিতা: ফলোআপ সভা’য় বক্তারা এ আহ্বান জানান। অ্যাক্টিভিস্টা পাথরঘাটা ও আমতলীর আয়োজনে এবং এনএসএস ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনির প্রতিনিধি শোয়েন আহমেদ এরফান। তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের সমস্যা, প্রত্যাশা ও দাবিগুলো গুরুত্ব দিয়ে শোনা হয়েছে। এখন সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। এলাকার মানুষের উন্নয়ন ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আলোচনায় বরগুনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা, নদীভাঙ্গণ, নিরাপদ পানির সংকট, কৃষির উৎপাদনশীলতা হ্রাস, বেকারত্ব এবং সামাজিক বৈষম্যসহ বিভিন্ন সমস্যা উঠে আসে। এসব সংকট মোকাবিলায় দুর্যোগ-সহনশীল অবকাঠামো, সবুজ বনায়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নারী, শিশু ও প্রতিবন্ধীবান্ধব আশ্রয়কেন্দ্র, টেকসই বেড়িবাঁধ, নিরাপদ সুপেয় পানি, খাস পুকুর পুনঃখনন এবং জলবায়ু-সহনশীল কৃষির ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় যুব ও যুব নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা বৃদ্ধি, জলবায়ু উদ্বাস্তুদের অন্তর্ভুক্তি, প্লাস্টিক এবং পানি ও মাটিদূষণ নিয়ন্ত্রণ, সাইবার নিরাপত্তা, বাল্যবিবাহ ও নারী পাচার প্রতিরোধ, স্বাস্থ্যসেবা ও শিক্ষার উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন চরদুয়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সগির হোসেন, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজমুল হক সেলিম, চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান, পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন, দৈনিক সমকালের পাথরঘাটা প্রতিনিধি মো. ইমাম হোসেন নাহিদ, পরিবেশকর্মী মো. শফিকুল ইসলাম খোকন, সমাজকর্মী মেহদি শিকদার, প্রতিবন্ধী সংস্থার সভাপতি মো. সোহাগ এবং নারী নেত্রী তানিয়া আক্তার ও ইশরাত জাহান সোনিয়া। সভায় যুব প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৮০ জন অংশ নেন।







