বর্ষা হোক কিংবা শীত, গভীর রাত কিংবা তপ্ত দুপুর। একদল তরুণের পা থেমে থাকে না। কারও মৃত্যুসংবাদ শুনলেই তারা ছুটে যান কবর খননের সরঞ্জাম নিয়ে। মৃত ব্যক্তির বাড়িতে করেন লাইটিং এবং বসার ব্যবস্থা। সমাজে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত গড়ে তুলেছেন বরগুনা সদর উপজেলার সোনালী স্বপ্ন যুব সংসদ এর সদস্যরা। এরা কেউ ছাত্র, কেউ চাকরিজীবী। যখন সমাজের ডাকে সাড়া দিতে হয় তখন সবাই হয়ে ওঠেন এক মানবিক দলের সদস্য। সংগঠনের সভাপতি মো. সালমান বলেন “আমরা কোনো পারিশ্রমিক নেই না। আমাদের উদ্দেশ্য শুধু একটাই যখন কারও পরিবার বিপদে পড়ে, যেন আমরা পাশে থাকতে পারি। শিশুর জন্মের সময় যেমন আমরা রক্ত দিয়ে মানুষের পাশে থাকি তেমনি মৃত্যুর সময় দাফন কাজে সহযোগিতা করি।
অন্ধকার রাত, ঝড়-বৃষ্টি কিছুই থামাতে পারে না এই যুবকদের। তাদের হাতে কোদাল, মনে আছে একটাই বিশ্বাস মানুষ মানুষের জন্য, মানবতার বন্ধনে আবদ্ব আমরা। একটি ছোট কাজ হয়তো পৃথিবী বদলে দিতে পারে না, কিন্তু সমাজে পরিবর্তনের সূচনা করে। সোনালী স্বপ্ন যুব সংসদ সেই পরিবর্তনেরই প্রতীক। তারা কবর খনন করে, কিন্তু জাগিয়ে তোলে জীবনের আলো। মানবিক উদ্যোগে জনমনে প্রশংসা। এই দৃশ্য দেখে এলাকার প্রবীণরাও আবেগআপ্লুত। স্থানীয় মসজিদের ইমাম মো. অলিউল্লাহ বলেন এলাকার সোনালী স্বপ্ন যুব সংসদ এর যুবকরা মানুষের বিপদে সবার আগে এগিয়ে আসে। গভীর রাতেও কেউ মারা গেছে লাশ দাফনের মালামাল নিয়ে ছুটে যায়।

তরুণরা এখন শুধু মোবাইল-ইন্টারনেট নিয়েই ব্যস্ত এমন ধারণা ভুল প্রমাণ করেছে এই তরুণরা। এরা ভবিষ্যতের সমাজসেবক।” তরুণদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজসেবক নজরুল মেলকার বলেন এলাকার যুবকরা যে কাজটি করতেছে এটি সত্যিই প্রশংসার দাবিদার।
সমাজ পরিবর্তন শুরু হয় নিজেদের হাত থেকেই। যে যুবকরা আজ কবর খনন করছেন, তারা আসলে ভবিষ্যতের মানবিক সমাজের বীজ বপন করছেন। ২০২১ সালে সোনালী স্বপ্ন যুব সংসদ প্রতিষ্ঠার পর থেকে বৃক্ষরোপন, পরিচ্ছন্নতা অভিযান, রক্তদান, ডেঙ্গু সচেতনতায় প্রচারাভিযান, এলাকার উন্নয়নে মানববন্ধন, ধর্মীয় অনুষ্ঠান, তরুনদের জন্য খেলাদুলার আয়োজন, পাটনি সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন প্রকল্প, কিশোরীদের মাঝে ছাতা বিতরণ, কারাতে প্রশিক্ষণ, বিভিন্ন দিবস উৎযাপন, অসহায় মানুষকে ঈদ উপহার প্রদান, দরিদ্র শিক্ষার্থীকে বই ও পোশাক প্রদান, দক্ষতা বৃদ্বির জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদান এবং বিশিষ্টজনদের সম্মাননা প্রদানসহ নানাবিধ কাজ করছে সোনালী স্বপ্ন যুব সংসদ। তাদের একটাই প্রত্যাশা সমাজের ইতিবাচক পরিবর্তন।







