বিএনপির বরগুনা জেলা কার্যালয় ভাঙচুরের মামলায় এজাহারভুক্ত আসামি হিরন মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার দুপুর ১২টায় সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নঈমুল ইসলাম ২০২৩ সালের ১৭ মার্চের ঘটনা উল্লেখ করে ২০২৫ সালের ৩০ এপ্রিল বরগুনা থানায় একটি মামলা করেন।
তিনি অভিযোগ করেন, ওই দিন বেলা ১১টার দিকে বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, সাবেক এমপি গোলাম সরোয়ার টুকু ও শওকত হাসানুর রহমান রিমনের নেতৃত্বে ১৫৮ জন আওয়ামী লীগ নেতাকর্মী বরগুনা জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন, যাতে নয় লাখ ৪৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
সদর থানার ওসি ইয়াকুব হোসেন বলেন, গোপন সংবাদে বরগুনা জেলা বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলার এজাহারনামীয় ১২৯ নম্বর আসামি ২নং গৌরীচন্না ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম হিরনকে গ্রেপ্তার করা হয়েছে।







