দ্যা জেলখানা প্রেস নিউজ

১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

বরগুনায় খাল থেকে ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

বরগুনায় খাল থেকে ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের একটি খাল থেকে শামীম (৩৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে গৌরিচন্না বাজারসংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শামীম ওই ইউনিয়নের মুনসুর আলী বেপারির ছেলে।

 

এ নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার পর থেকে শামীম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে সোমবার সকালে স্থানীয়রা খালের পাড়ে রক্তের দাগ দেখতে পান। কিছুক্ষণ পর খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 

স্থানীয়দের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। নিহতের স্বজনদের অভিযোগ, পরিচয় গোপন করার উদ্দেশ্যে হত্যার পর শামীমের মাথা বিচ্ছিন্ন করা হয়েছে।

 

এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ, ঘটনার সময় এবং কারা এর সঙ্গে জড়িত- তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি নিখোঁজ মাথা উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

 

তিনি আরও বলেন, আমরা আশা করছি শিগগিরই মরদেহের মাথা উদ্ধার করা সম্ভব হবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর