দ্যা জেলখানা প্রেস নিউজ

২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

বিষপ্রয়োগে হত্যার অভিযোগ, স্ত্রী-মেয়ে ও শাশুড়ি গ্রেপ্তার

বিষপ্রয়োগে হত্যার অভিযোগ, স্ত্রী-মেয়ে ও শাশুড়ি গ্রেপ্তার

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

দ্যা জে.পি নিউজ, বরগুনা।

বরগুনায় দাম্পত্য কলহের জেরে মালয়েশিয়া প্রবাসী আফাং শিকদারকে (৪০) বিষপ্রয়োগে হত্যার অভিযোগে স্ত্রী-মেয়ে ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

জেলার সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই রাতে বরগুনা পৌরসভার আমতলা এলাকার একটি ভাড়া বাসায় আফাং শিকদারকে জোরপূর্বক বিষপান করানো হয়। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আফাং শিকদার প্রায় ১৩ থেকে ১৪ বছর মালয়েশিয়া ও সৌদি আরবে কর্মরত ছিলেন। বিদেশে থাকাকালে জমি কেনার উদ্দেশ্যে স্ত্রী রাবেয়া বেগমের কাছে প্রায় ৫৫ লাখ টাকা পাঠান। দেশে ফিরে তিনি জানতে পারেন, ওই অর্থের একটি বড় অংশ জমি কেনার পরিবর্তে অন্যত্র ব্যয় করা হয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

বরগুনা সদর থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারে নিহতের বড় ভাই দুলাল শিকদার অভিযোগ করেন, অর্থনৈতিক বিরোধের পাশাপাশি আফাং শিকদারের স্ত্রীর সঙ্গে স্থানীয় এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক ছিল। এ বিষয়টি নিয়েও দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল এবং এ নিয়ে পূর্বে আদালতেও মামলা হয়েছিল।

মরদেহ শনিবার বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসী ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে বরগুনা-পুরাকাটা আঞ্চলিক মহাসড়কের চালিতলা এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা নিহতের স্ত্রী, মেয়ে ও শাশুড়িকে বহনকারী অ্যাম্বুলেন্স ঘিরে বিক্ষোভ দেখায়। তাদের ওপর হামলার অভিযোগও ওঠে।

পরে স্থানীয় সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি আব্দুস সাকুর এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিরাপত্তার স্বার্থে কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় নিহতের বড় ভাইয়ের দায়ের করা হত্যা মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের হওয়া মামলায় নিহতের স্ত্রী রাবেয়া বেগম (৩৮), স্থানীয় বাসিন্দা মো. হাসান (৪০), নিহতের মেয়ে আতিকা, শ্বশুর ও শাশুড়িকে আসামি করা হয়েছে। এর মধ্যে স্ত্রী রাবেয়া বেগম, মেয়ে আতিকা এবং শাশুড়ি রাশেদা বেগমকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, “এ ঘটনায় হত্যা মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ময়নাতদন্তসহ অন্যান্য আলামতের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে। বিষপ্রয়োগের অভিযোগ, অর্থনৈতিক বিরোধ এবং পারিবারিক দ্বন্দ্বের সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে”।

বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, “ঘটনার পরপরই পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে। একটি হত্যা মামলা হয়েছে এবং কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

    Opps, No posts were found.