দ্যা জে.পি নিউজ, বরগুনা।
বরগুনার আমতলীতে বিচার চলাকালে আদালতকে কটূক্তি করার দায়ে রনি খান নামে এক আসামিকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রনি খান তালতলী থানার একটি অস্ত্র মামলার আসামি। আমতলী আদালতের বেঞ্চ সহকারী আবু বকর মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, আমতলীর একটি ডাকাতি মামলায় (জিআর মামলা নম্বর-২৩২/২৬) রনিকে শোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে হাজির করা হয়। শুনানি চলাকালে তিনি আদালতের উদ্দেশে অশ্লীল ও কটূক্তিপূর্ণ মন্তব্য করেন।
এ ঘটনায় বিচারক তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের দোষ স্বীকার করেন। পরে আদালত দণ্ডবিধির ২২৮ ধারায় তাকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেন।
আদালত সংশ্লিষ্টরা জানান, বিচারিক কার্যক্রমের শৃঙ্খলা ও আদালতের মর্যাদা রক্ষায় এমন কঠোর পদক্ষেপ ভবিষ্যতে এ ধরনের আচরণ প্রতিরোধে সতর্কবার্তা হিসেবে কাজ করবে।







