বরগুনার আমতলীতে বিপদগ্রস্ত অবস্থায় একটি বক উদ্ধার করেছে কয়েকজন শিশু-কিশোর। পরে তারা বকটিকে নিয়ে আসে অরণ্যমৈত্রী স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলামের কাছে।
শিশু-কিশোরদের কাছ থেকে বকটি গ্রহণ করে প্রয়োজনীয়ভাবে নিরাপদে রাখার উদ্যোগ নেওয়া হয়। এ সময় শিশুদের এমন সচেতন ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
মোঃ আমিরুল ইসলাম বলেন, “ছোটদের এই সচেতনতাই আমাদের আশাবাদী করে। একটি অসহায় প্রাণীকে বাঁচানোর জন্য তারা নিজেরাই এগিয়ে এসেছে—এটাই পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের সুন্দর উদাহরণ।”
অরণ্যমৈত্রী স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী সংরক্ষণ, উদ্ধার ও জনসচেতনতা তৈরিতে কাজ করে আসছে। সংগঠনের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানানো হয়েছে—কোনো বন্যপ্রাণী বিপদে পড়লে তাকে হয়রানি না করে নিরাপদে উদ্ধার করে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী বা কর্তৃপক্ষকে খবর দিতে।





