দ্যা জে.পি নিউজ, বরগুনা।
বরগুনা জেলায় আগামী ১ নভেম্বর থেকে বিস্ফোরক লাইসেন্স ছাড়া কোনো ব্যবসায়ী এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিক্রি করতে পারবেন না। নিয়মবহির্ভূতভাবে লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় বরগুনা সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসন, বরগুনার উদ্যোগে আয়োজিত এলপিজি গ্যাস পরিস্থিতি পর্যালোচনা সভায় এ নির্দেশনার কথা জানানো হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার এ সিদ্ধান্ত দিয়েছেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. নুরুল ইসলাম মনি। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা এবং পুলিশ সুপার মোহাম্মদ কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা)।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র দাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি তাপস মাহমুদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি তারিকুল ইসলাম, এলপিজি গ্যাস ডিলার সমিতির সভাপতি ফেরদৌস জামান শাহীনসহ জেলার বিভিন্ন কোম্পানির ডিলার ও গ্যাস ব্যবসায়ীরা।
সভায় বরগুনা জেলার সাম্প্রতিক এলপিজি গ্যাসের সরবরাহ, বাজার পরিস্থিতি এবং ব্যবসা পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা গ্যাসের সরবরাহ ও বাজারব্যবস্থা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে বিস্ফোরক লাইসেন্স ছাড়া বরগুনা জেলায় এলপিজি গ্যাস বিক্রি করা যাবে না। নির্ধারিত নিয়ম অনুসরণ না করে কোনো ব্যবসায়ী গ্যাস বিক্রি করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স নিশ্চিত করে ব্যবসা পরিচালনার প্রস্তুতি নিতে হবে।
এলপিজি গ্যাসের নিরাপদ বিপণন নিশ্চিত করা এবং প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ করে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এ নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।




